প্রতিবন্ধী যুবদের জন্য ন্যায্যতা তহবিল

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অংশগ্রহণমূলক তহবিল।  

আমরা উগান্ডা, কম্বোডিয়া এবং বাংলাদেশে যুবদের জন্য ‘ডিজ্যাবিলিটি জাস্টিস ফান্ড’ চালু করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এই তহবিলটি উল্লেখিত দেশগুলোর তরুণ প্রতিবন্ধী ব্যক্তিদের একটি দল দ্বারা নকশা করা হচ্ছে, এবং তারাই সিদ্ধান্ত নেবেন এই তহবিল কীভাবে বিতরণ করা হবে। তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে তারা নিশ্চিত করবেন যে, এই তহবিল যেন সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমনভাবে ব্যবহৃত হয়।    

প্রতিবন্ধী যুবরা প্রায়শই প্রতিবন্ধী অধিকার আন্দোলন এবং তরুণদের আন্দোলন—উভয় ক্ষেত্রেই উপেক্ষিত হয়। তারা নেতৃত্ব দেওয়া, সংগঠিত হওয়া এবং নিজেদের কমিউনিটিতে পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় সম্পদ থেকে বঞ্চিত থাকে। এই তহবিল তাই সেই পরিস্থিতি বদলাতে চায়।


তহবিলটি কীভাবে নকশা করা হয়েছে?

তহবিলটি নকশা করা হয়েছে এডিডি ইন্টারন্যাশনালের অংশগ্রহণমূলক অনুদান মডেল ব্যবহার করে, যেখানে প্রতিবন্ধী অধিকার আন্দোলনের কর্মী এবং তাদের সংগঠনগুলোই সিদ্ধান্ত নেন কে এই তহবিল পাবে এবং প্রদত্ত অর্থ কীভাবে ব্যবহার ও বিতরণ করা হবে।

সম্প্রতি উগান্ডা, কম্বোডিয়া এবং বাংলাদেশ থেকে প্রতিবন্ধী তরুণরা একত্রিত হয়ে আলোচনা করেছেন এবং নিজেদের দেশের প্রতিবন্ধী ভাই বোনদের পরিস্থিতি শেয়ার করেছেন। তারা সম্ভাব্য অগ্রাধিকারভিত্তিক গোষ্ঠী, গুরুত্বের ক্ষেত্র এবং এই অনুদান কীভাবে পরিবর্তন আনতে পারে তা নিয়ে মতবিনিময় করেছেন। তারা একমত হয়েছেন যে তহবিলটি কীভাবে পরিচালিত হবে এবং গ্রান্টপ্রাপ্তদের কীভাবে নির্বাচন করা হবে।

তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তহবিলটি তাদেরকেই অগ্রাধিকার দেবে, যারা সাধারণত অনুদান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। যদিও প্রতিটি দেশে অগ্রাধিকারের ক্ষেত্র কিছুটা ভিন্ন, তবুও এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী তরুণী/যুবতীরা, গ্রামীণ এলাকায় বসবাসকারী তরুণরা, প্রতিনিধিত্বহীন বা অত্যন্ত বঞ্চিত প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিরা এবং অন্যান্য বৈচিত্র্যময় গোষ্ঠী।

কম্বোডিয়ার প্যানেল সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তরুণ এবং নারীদের নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর সাথে কাজ করবে। তারা সবচেয়ে প্রান্তিক অবস্থায় থাকা প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের কাছে পৌঁছাতে চায়, যেমন- বাক প্রতিবন্ধী  সম্প্রদায়, মনো- সামাজিক  (সাইকো-সোশ্যাল)   প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তি এবং একাধিক প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তি।

বাংলাদেশে, এই তহবিলের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPDs)-এর নেটওয়ার্ক এর মাধ্যমে উন্মুক্ত প্রস্তাবনা (ওপেন কল) আহ্বান করা হবে। এছাড়া প্রতিবন্ধী তরুণদের  নেতৃত্বাধীন সংগঠন এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞাপন প্রদান করা হবে।

উগান্ডায়, এই তহবিল উওয়াম, ওমোরো, বুন্দিবুগিও এবং কাসেসে এলাকায় তরুণ প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন সংগঠনগুলোর জন্য উন্মুক্ত করা হবে।  

“গ্রান্ট–মেকিং প্যানেলে যোগদান করা আমার জন্য একটি মূল্যবান শিখন যাত্রা হয়েছে। যদিও আমি দীর্ঘদিন ধরে উন্নয়ন খাতে কাজ করছি, এই অভিজ্ঞতার আগে গ্রান্ট প্রদান প্রক্রিয়া সম্পর্কে তেমন জানতাম না। গ্রান্ট দেওয়ার সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয়, সেগুলো আমি শিখেছি।

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিবন্ধী তরুণরাই অনুদান–সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের নেতৃত্ব দিক, কারণ আমরাই আমাদের নিজেদের চ্যালেঞ্জ, প্রয়োজন এবং অগ্রাধিকার সবচেয়ে ভালোভাবে জানি। এতে সহায়তাগুলো আরও প্রাসঙ্গিক, অন্তর্ভুক্তিমূলক এবং ফলপ্রসূ হয়, পাশাপাশি আমাদের কণ্ঠস্বর, জীবন অভিজ্ঞতা ও নেতৃত্বকে সম্মান করা হয় এবং এতে করে অন্যরা আমাদের হয়ে অনুমান করার সুযোগ না পায়। আমাদের ক্ষমতায়নই প্রকৃত অন্তর্ভুক্তি, সমতা ও অর্থবহ পরিবর্তনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

— ডিজাইন টিমের একজন সদস্য  


এই তহবিলের উদ্দেশ্য

মিটিং চলাকালীন, প্রতিবন্ধী  তরুণরা নিজেরাই এসব উদ্দেশ্য নির্ধারণ করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তহবিলটির উদ্দেশ্য হবে—

• প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বকে সহায়তা ও আরও শক্তিশালী করা।
• প্রতিবন্ধী তরুণদের সমাজে অংশগ্রহণ এবং প্রতিবন্ধিতা বিষয়ক ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ তুলে ধরতে সহায়তা করা।
• প্রতিবন্ধী তরুণদের সংযোগ, নেটওয়ার্ক ও আন্দোলনকে আরও শক্তিশালী করা।
• পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, যেন তারা প্রতিবন্ধী তরুণ ও নেতৃত্বকে ইতিবাচকভাবে গ্রহণ করে


গুরুত্বপূর্ণ তারিখসমূহ

তহবিলটি বর্তমানে তিনটি দেশের প্রতিবন্ধী তরুণদের দ্বারা নকশা করা হচ্ছে। ২০২৬ সালের শুরুতে যোগ্য আবেদনকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, এবং মোটামুটি মার্চ ২০২৬–এ প্যানেল সিদ্ধান্ত নেবে কারা এই তহবিল পাবে।


সুরক্ষা ব্যবস্থা

এডিডি আমাদের সকল কর্মী ও প্রতিনিধিদের কাছ থেকে সর্বোচ্চ ভালো  আচরণ এবং পেশাদারিত্ব প্রত্যাশা করে। সেফগার্ডিং সম্পর্কিত আরও তথ্যের জন্য, বা কারও আচরণ সম্পর্কে কোনো উদ্বেগ জানাতে চাইলে, দয়া করে আমাদের সেফগার্ডিং ওয়েবপেজ ভিজিট করুন।